
নিউজ ডেস্কঃ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও আইন প্রয়োগকারি সংস্থার বিভিন্ন হুঙ্কার ও হম্বিতম্বিতে কোন কাজই হচ্ছে না । রাজধানী ঢাকার সবজি বাজার গুলোতে মাহে রমজানের শুরুতেই হু হু করে বাড়ছে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। অথচ ঢাকার কারওয়ানবাজার থেকে নরসিংদীর মরজাল সবজির মোকাম মাত্র ৬৫ কিলোমিটার দূরে। এতটুকু দূরত্বে সবজি বেচাকেনা হচ্ছে তিন থেকে চারগুণেরও বেশি দামে। গত বুধবার নরসিংদীর মোকামে কৃষকরা ১৫ থেকে ২০ টাকা কেজি বেগুন বিক্রি করেছেন। গতকাল বৃহস্পতিবার ওই বেগুন রাজধানীর খুচরা বাজারগুলো থেকে কিনতে হয়েছে ৬০ থেকে ৬৫ টাকায়। ঢাকার পাশের এ জেলা থেকে সবজি আনতে পরিবহনের খরচও খুব বেশি হয়না । সরকার চেষ্টাও করছেন সরবরাহ ঠিক রাখতে বিশেষ সুবিধায় কাঁচা সবজী ও মাছ মাংসবাহী গাড়ি চলাচলের ব্যবস্থাও রেখেছে লকডাউনে। এর পরও রোজায় চাহিদা বেড়ে যাওয়ায় বাড়তি মূল্যে বিক্রি করছেন মুনাফালোভি ব্যবসায়ীরা। করোনা সংক্রমন ও লকডাউনের অজুহাতে উৎপাদনকারি কৃষকের কাছ থেকে নামমাত্র মুল্যে সবজী কিনে তার এত বেশী দামে বিক্রি করছেন মুনাফাখোর সুবিধাবাদি অসাধু ব্যবসায়িরা। আর লোকসানে পড়ছেন দেশের প্রান্তিক কৃষকেরা ।
গত ৪/৫ দিন ধরেই রমজান উপলক্ষ্যে রাজধানীর বাজার সরগরম হয়ে উঠেছে। এতে সুযোগ বুঝে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে বাগিয়ে নিচ্ছেন অতিমুনাফা। এর আগে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় এক দফা নিত্যপণ্যের দাম বেড়েছে। রমজান আসতেই সবজির দাম বহুগুণ বাড়িয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাজারে খুচরায় প্রতি কেজি বেগুন, শসা ও কাঁচামরিচ ৫৫ থেকে ৬৫ টাকার মধ্যে বেচাকেনা হয়েছে। দু'দিন আগেও তা ১৫ থেকে ৩০ টাকা ছিল। এক লাফে প্রায় তিনগুণ হয়েছে। এখন লেবুর হালি মানভেদে ৮০ থেকে ১০০ টাকায় উঠেছে। দু'দিন আগেও তা ২৫ থেকে ৪০ টাকা ছিল। এ ছাড়া ঝিঙা, চিচিঙ্গা ও করলার দাম দ্বিগুণ বেড়ে ৪০ থেকে ৫০ টাকা কেজি হয়েছে। অন্যান্য সবজির দামেরও একই অবস্থা। তিন দিন আগে প্রতি কেজি টমেটো ছিল ১০ টাকা। এখন তা বেড়ে ৪০ টাকা হয়েছে। খুচরা সবজি বিক্রেতারা বলেন, পাইকারি আড়ত থেকে দ্বিগুণ ও তিনগুণ বাড়তি দামে সবজি আনতে হচ্ছে। তাই হঠাৎ সবজির দাম বেড়ে গেছে। মিরপুর-১ বাজারের একাধিক খুচরা সবজি বিক্রেতা গতকাল এই প্রতিবেদককে জানান, তারা রাজধানীর পাইকারি বাজার থেকে বাড়তি দামে সবজির ক্রয় করছেন তাই দাম বাড়তি দামে তারা সবজী বিক্রি করছেন।
রাজধানী ঢাকায় সবজির দাম যত বাড়ছে, কৃষকদের সঙ্গে দামের ব্যবধানও তত বেশি হচ্ছে। সরেজমিন খোঁজ নিয়ে জানাগেছে ঢাকার পার্শ্ববর্তী নরসিংদী জেলার সবজির তিনটি বড় পাইকারি মোকাম মরজাল, বাড়ইতা ও জঙ্গিশিবপুরে গত বুধবার প্রতি মণ বেগুন ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হয়েছে। এ হিসাবে প্রতি কেজির দাম পড়েছে ১৫ থেকে সাড়ে ১৭ টাকা। স্থানীয় সবজীচাষী রফিকুল ইসলাম নিউজ ৭১ ডটকমকে জানান, গত সপ্তাহের শুরুতে প্রতি মণ বেগুন ছিল ১৫০ থেকে ২০০ টাকা। তখন প্রতি কেজি চার থেকে পাঁচ টাকায় বিক্রি করেছেন তারা । রাজধানীর নিকটবর্তী হওয়ায় নরসিংদী জেলার সবজি চাষীদের এই হাল হলে দেশের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলা গুলোর চাষীদের অবস্থা তো আরও ভয়ানক। স্থানীয় মোকাম ও বাজার গুলোতে নামমাত্র মুল্যে সবজী বিক্রি হচ্ছে । এসমস্ত বাজারে সবজীর দাম এতটাই কম যে খেত থেকে সবজী কেটে আড়তে আনতে যে শ্রমিক(কিষান) মজুরী হয় বিক্রি করে সেটাও পাচ্ছেন না উৎপাদনকারি কৃষক। তাই বিক্রির অভাবে অনেকের সবজী তো ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে রাজধানীর বাজারে রমজানে সবজি ছাড়াও প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি ১২৫ থেকে ১৩০ টাকা ও লেয়ার মুরগি ২০ টাকা বেড়ে ১৯০ টাকা হয়েছে। এছাডাও বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। প্রতি কেজি ৬০০ টাকা। গতকাল আরও বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে পাঁচ টাকা বেড়ে ৬০ থেকে ৬৫ টাকা, ১০ টাকা বেড়ে দেশি রসুন ১২০ থেকে ১৩০ টাকা ও আমদানি রসুন ১৫০ থেকে ১৬০ টাকা হয়েছে। এখন সবচেয়ে বেশি দাম বেড়ে বিক্রি হচ্ছে আদা সাথে দাম বেড়েছে অন্যান্য নিত্যপণ্যেরও।