News71.com
 Bangladesh
 23 Apr 20, 05:08 PM
 245           
 0
 23 Apr 20, 05:08 PM

আসুন জনগণের সুরক্ষায় রাজনীতি করি॥ বিরোধী দলগুলোর উদ্যেশ্যে তথ্যমন্ত্রী

আসুন জনগণের সুরক্ষায় রাজনীতি করি॥ বিরোধী দলগুলোর উদ্যেশ্যে তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিএনপি ও অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আসুন অন্য রাজনীতি নয়, আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে সুরক্ষা দেবার রাজনীতি করি। বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। তথ্যমন্ত্রী মন্ত্রী বলেন, 'এখন রাজনীতি করার সময় নয়, একে অপরকে দোষারোপ করার সময় নয়, এখন সময় হচ্ছে সব রাজনৈতিক দল মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এ মহাদুর্যোগ মোকাবিলা করার।'ড. হাছান মাহমুদ ওয়ার্ল্ডোমিটার থেকে বাংলাদেশের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে বলেন, 'বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনারোগী শনাক্তের পর থেকে দুঃখজনকভাবে এপর্যন্ত ১২০ জনের প্রাণহানি ও ৩,৭৭২ জন শনাক্ত হয়েছে। আমরা মৃতদের আত্মার শান্তি ও আক্রান্তদের আরোগ্য কামনা করি।' তথ্যমন্ত্রী আরো বলেন, 'কাছাকাছি সময়, ১১ মার্চ তুরস্কে প্রথম করোনা শনাক্তের পর এ পর্যন্ত ২,২৫৯ জন মৃত্যুবরণ করেছে ও ৯৫,৫৯১ জন শনাক্ত হয়েছে। অর্থাৎ আমাদের পরিস্থিতি এখনো অনেক দেশের চেয়ে ভালো। কিন্তু সেটি যেন আরো খারাপের দিকে না যায়, সেজন্য সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

দেশে করোনা মোকাবলায় পূর্বপ্রস্তুতি সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, 'বিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই, এমনকি দেশে করোনারোগী শনাক্ত হওয়ার আগে থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ জনগণকে সুরক্ষা দেবার জন্য সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে।' তিনি বলেন, 'আমাদের ত্রাণ উপকমিটি শুরু থেকেই ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে এবং উপজেলা পর্যায় থেকে ছোট পৌরসভা পর্যন্ত ত্রাণসামগ্রী পৌঁছানো হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।'এরপর ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে দেওয়া করোনা প্রতিরোধ সামগ্রী চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি শাহেদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মুজিব মাসুদের হাতে তুলে দেন তথ্যমন্ত্রী। এসময় দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন