News71.com
 Bangladesh
 22 Apr 20, 07:21 PM
 270           
 0
 22 Apr 20, 07:21 PM

শুল্ক ও করে ছাড় চান সিমেন্ট শিল্পমালিকেরাও॥

শুল্ক ও করে ছাড় চান সিমেন্ট শিল্পমালিকেরাও॥

নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাসের কারণে ব্যাপক ক্ষতির মুখে দেশের সিমেন্ট শিল্পখাত। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকার ঘোষিত লকডাউন শুরু হওয়ার পর থেকে সিমেন্ট কারখানাগুলোতে ৯০ ভাগ উৎপাদন বন্ধ। অথচ পরিচালন খরচ কমেনি। তা ছাড়া সিমেন্টের কাঁচামাল শতভাগ আমদানি নির্ভর হওয়ায় এ পর্যন্ত যত এলসি খোলা হয়েছে, সেটিও মালিকদের জন্য বোঝার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এমন কঠিন পরিস্থিতিতে এ শিল্প বাঁচাতে সরকারের সহায়তা চেয়েছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ)। সংগঠনটির পক্ষে এর প্রেসিডেন্ট ও ক্রাউন সিমেন্ট গ্রুপের ভাইস-চেয়ারম্যান মো. আলমগীর কবির গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ সহায়তা চেয়েছেন। তিনি এই শিল্প খাতটিকে বাঁচিয়ে রাখতে এই শিল্পের সব কাঁচামালের আমদানি শুল্ক ও অগ্রিম আয়কর বিবেচনার আবেদন জানিয়েছেন।

বর্তমান পরিস্থিতিতে এই শিল্প রক্ষায় কাঁচামাল আমদানিতে শুল্ক টন প্রতি ৫০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা ও অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহারের জন্য সরকার প্রতি আহ্বান জানিয়েছেন আলমগীর কবির। একই সঙ্গে গ্যাস বিল-বিদ্যুত বিল ও অন্যান্য কর প্রদানের ক্ষেত্রে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে পরিশোধের সুযোগ তৈরি করে দেওয়ার অনুরোধ করেছেন। এই সুবিধা পেলে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব হবে বলে মনে করছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন