করোনার মধ্যেই নিয়োগ পাচ্ছেন এক হাজার নন ক্যাডার চিকিৎসক॥
নিউজ ডেস্কঃ করোনাভাইরাস নিয়ে গোটা বিশ্বই এখন সংকটের মুখোমুখি। বাংলাদেশও এর বাইরে নয়। করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে ইতোমধ্যে দেশের প্রায় দুইশ’ চিকিৎসক-নার্স কোভিড-১৯ নামের এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উদ্ভূত এ পরিস্থিতি মোকাবেলায় নতুন করে এক হাজার নন-ক্যাডার চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। মহামারীর এ কালে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পাশাপাশি জরুরী ভিত্তিতে নার্সও নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদপ্তর। এক্ষেত্রে নতুন নার্স নিয়োগের পাশাপাশি অবসরপ্রাপ্ত অভিজ্ঞ নার্সদের পুনরায় দায়িত্বে ফেরার অনুরোধ করবে স্বাস্থ্য বিভাগ। জনগণের চিকিৎসা সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত এই সিদ্ধান্তের মধ্যদিয়ে স্বাস্থ্যখাতকে শক্তিশালী করা হবে।
গতকাল ২১ এপ্রিল, মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে দেয়া তথ্যমতে, আগের ২৪ ঘণ্টায় দেশে আরো ৪৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৮২ জনে দাঁড়িয়েছে। এ সময়ের মধ্যে আরো ৯ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে মোট ১১০ জনে দাঁড়িয়েছে। অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে যারা দেশবাসীর পাশে বিভিন্নভাবে দাঁড়িয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।