
নিউজ ডেস্কঃ অবশেষে ইতালিতে গাড়ি পুড়ানো বাংলাদেশি সিরিয়াল ‘আগুন সন্ত্রাসী’কে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৭ এপ্রিল শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মিলানের পুলিশ। তার বিরুদ্ধে ১৫টি প্রাইভেট গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার গুরুতর অভিযোগ রয়েছে।২২ বছর বয়সী ওই যুবক করোনা বিধ্বস্ত লোম্বারদিয়া বিভাগে চলমান লকডাউন রেডজোনে মরুভূমির নিস্তব্ধতার মধ্যে রাতের অন্ধকারে মিলানের বিশ্ববিদ্যালয় এলাকায় গত বেশ ক’দিন ধরেই চোরাগুপ্তা স্টাইলে একের পর এক গাড়িতে অগ্নিসংযোগ করে আসছিলো।
জানা গেছে, মিলান বিশ্ববিদ্যালয় এলাকায় এপ্রিলের শুরু থেকেই রাস্তার পাশের পার্কিংয়ে রাতে একের পর এক রহস্যজনক অগ্নিকাণ্ডে গাড়ি পুড়ে যাবার ঘটনা ঘটতে থাকলে নড়েচড়ে বসে মিলানের পুলিশ। গাড়িতে কৃতিমভাবে আগুন লাগানোর বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর অপরাধীকে হাতেনাতে ধরতে মরিয়া হয়ে উঠে মিলান পুলিশের বিভিন্ন স্পেশাল ইউনিট। সাদা পোশাকে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নজরদারি বসায় মিলান পুলিশ। রাত দেড়টায় নোয়ে রোড থেকে আসা এক যুবকের হঠাৎ আনাগোনা নজরে আসে অপারেশন টিমের। ওই যুবক পেট্রোল ভেজা কাপড় ব্যবহার করে রে বেরনিনি স্কয়ার পার হয়ে ফিলিপ্পিনো লিপ্পি রোডে পার্ক করা একটি রেনাল্ট কেপচার এবং পাশের ভোলভো-৭০ গাড়িতে বারুদের বেগে আগুন লাগিয়ে দেয় । সেসময়ে সাদা পোষাকধারী পুলিশ চারদিক থেকে একযোগে ঝাঁপিয়ে পড়লে দৌঁড়ে পালাতে পারেনি বাংলাদেশি ‘সিরিয়াল আগুন সন্ত্রাসী।