
নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ রোধে এখন পর্যন্ত সর্বোমোট ১৪ লক্ষ ৬৭ হাজার পিপিই গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১০ লক্ষ ৯৩ হাজার ১১৯টি পিপিই বিতরণ হয়েছে। আরো মজুদ আছে ৩ লক্ষ ৭৩ হাজার ৯২১ টি। যদিও এ মাসেই পিপিইর লক্ষ্যমাত্রা ২০ লক্ষ। ২০ এপ্রিল, সোমবার করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন সিএমএসডি’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ শহীদুল্লাহ। ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমানে আমাদের ১ লক্ষের বেশি এন-৯৫ মাস্ক মজুদ রয়েছে। যা আমরা সারা দেশে করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট হাসপাতাল,পিসিআর ল্যাবের জন্য নিরিবিচ্ছিন্নভাবে বিতরণ করছি। এ মাস্কের মান নির্ধারণ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের একটি কমিটি রয়েছে। কমিটি মান নির্ধারণ করার পরই আমরা সেগুলো ক্রয় করে থাকি। যার কারণেই এগুলোর মধ্যে কোন সন্দেহ থাকার কোন অবকাশ নেই। আমরা আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই যেখানে প্রয়োজন সেখানে এ মাস্ক সরবরাহ করতে পারবো।
তিনি আরো বলেন, মাস্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় একটি বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করার পর আমি এখানে প্রেস ব্রিফিং দিয়েছিলাম এন-৯৫ মাস্ক আমাদের দেশের কোনো প্রতিষ্ঠান তৈরি করে না। আমি আরো বলেছিলাম, আমাদের দেশে ঔষধ প্রশাসন অধিদপ্তর ঔষধ, মাস্ক বা এ ধরনের পণ্য তৈরী করে থাকেন। এখানে সিএমএসডি’র পক্ষ থেকে বেশি দামে ক্রয় করার কোন সুযোগ নেই। যখনই সরবরাহকৃত কোন বিষয়ে অভিযোগ পাই সাথে সাথে ব্যবস্থা নেয়া হয়। কিন্তু এরপরো দেখা যাচ্ছে দেশীয় কোন এক কোম্পানির মাস্ক নিয়ে বিভ্রান্ত, বানোয়াট এবং অসত্য তথ্য আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে জড়িয়ে প্রকাশ হচ্ছে। আমরা এর আগে বিভিন্ন সংবাদপত্রে প্রেস রিলিজ দিয়েছি এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য। এ ধরনের অসত্য তথ্য যদি কেউ প্রকাশ করে থাকেন আমরা তাদের বিরুদ্ধে তথ্য অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা নেব। তিনি আরও জানান সিএমএসডি যা সরবরাহ করছি তা মান যাচাই করে তারপরই তা বিতরণ করছি। প্রতিদিনই সারা দেশে চিকিৎসক ও এর সাথে জড়িত অন্যান্য কর্মীদের জন্য ৬০ থেকে ৭০ হাজার পিপিই ও অন্যান্য সামগ্রি বিতরণ করা হয়। এখন পর্যন্ত ১৪ লাখ ৬৭ হাজার পিপিই ক্রয় করতে সরকারের আনুমানিক ১৭৬ কোটি টাকা খরচ হয়েছে। এবং আমাদের প্রতিদিন শুধু পিপিই বিতরণ করতে ৭ থেকে ৮ কোটি টাকা খরচ হচ্ছে। সরকার এ বিষয়ে যথাযত ব্যবস্থা নেয়ার জন্য আমাদের দায়িত্ব দিয়েছেন। আসুন আমরা এ দুর্যোগ মোকাবেলায় কোন ধরনের মিথ্যে, বানোয়াট তথ্য না দিয়ে একসাথে কাজ করি।