
নিউজ ডেস্কঃ করোনা প্রাদুর্ভাব ঠেকাতে চট্টগ্রাম নগরে সিমেন্ট কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। তবে ভিন্ন চিত্র শহরের বাইরে অন্য জেলার এলাকাগুলোয়। নগরের বাইরের জেলায় সিমেন্ট কারখানাগুলো সচল রয়েছে। শহরের কারখানা বন্ধ থাকায় কর্ণফুলী টানেলের মতো প্রকল্পের কাজে সিমেন্ট সরবরাহ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। উদ্যোক্তারা জানিয়েছেন, ১৭ এপ্রিল চট্টগ্রামের নগর পুলিশ প্রশাসন থেকে নগরে অবস্থিত কারখানাগুলো বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এরপরই অনেকেই কারখানা বন্ধ করে দিতে বাধ্য হন। আবার পুলিশ প্রশাসনের মৌখিক নির্দেশনার পরও কালুরঘাট, কর্ণফুলী উপজেলা ও পতেঙ্গা থানা এলাকায় অন্তত চারটি সিমেন্ট কারখানা সীমিত আকারে উৎপাদন চালু রেখেছে। জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহাবুবর রহমান আজ সোমবার বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী শহরে অবস্থিত কারখানাগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। করোনার ঝুঁকি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’