News71.com
 Bangladesh
 20 Apr 20, 10:17 PM
 300           
 0
 20 Apr 20, 10:17 PM

রমজানে শিথিল হতে পারে বাংলাদেশের লকডাউন॥

রমজানে শিথিল হতে পারে বাংলাদেশের লকডাউন॥

নিউজ ডেস্কঃ করোনার ভাইরাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় এখন পর্যন্ত কোন প্রতিষেধক তৈরি না হওয়ায় বিশ্বের প্রায় প্রতিটি দেশেই লকডাউন বা কারফিউ জারি করা হয়েছে। এরফলে কিছুটা করোনার প্রতিরোধ করা গেলেও অর্থনৈতিক মন্দায় পড়তে যাচ্ছে পুরো বিশ্ব। বিশেষ করে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। এমন অবস্থায় করোনার মধ্যেও কিছু কিছু দেশ লকডাউন শিথিল করেছে। করোনার উৎপত্তিস্থল চীনের উহানের পরিবেশ ইতিমধ্যে স্বাভাবিক হয়েছে। চীনের পর করোনার ভয়াল থাবা আঘাত হাতে ইউরোপ জুড়ে। যার মধ্যে স্পেন, ইতালি, বেলজিয়ামসহ বেশ কয়েকটি দেশে প্রতিদিনই মৃত্যুর মিছিল দেখা যাচ্ছে। এর মধ্যেও গত কয়েকদিন আগে স্পেন ও ডেনমার্কসহ ইউরোপের কয়েকটি দেশে লকডাউন শিথিল করেছে। বাংলাদেশে করোনার থাবা দেরিতে শুরু হলেও গত ২৫ মার্চ থেকে দুই দফায় ২৫ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেই সঙ্গে যেসব জেলায় করোনা আক্রান্ত রোগীর লক্ষণ দেখা যাচ্ছে সেই সব জেলা লকডাউন ঘোষণা করছে স্থানীয় প্রশাসন।

এমন পরিস্থিতি সোমবার (২০ এপ্রিল) কয়েকটি জেলার জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন রমজানে সবকিছু বন্ধ রাখা যাবে না। সীমিত আকারে ইন্ডাস্ট্রি চালু করা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কিছু কিছু গার্মেন্ট কারখানার পণ্য রপ্তানির জন্য খোলা রাখতে হবে। এটাও ঠিক সামনে রোজা সবাইকে একেবারে বন্ধ করে রাখতে পারবো না। আস্তে আস্তে কিছু কিছু জায়গায় উন্মুক্ত করতে হবে।’ প্রধানমন্ত্রী এ বিষয়ে গার্মেন্ট মালিকদের সঙ্গে আলোচনা করার পরার্মশ দেন। বিজিএমইএর সভাপতি রুবানা হক বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যানকে চিঠি দিয়ে আগামী ২৬ এপ্রিল রপ্তানিমুখী অনেক গার্মেন্ট প্রতিষ্ঠান খুলবে বলে জানিয়েছেন। শ্রমিকদের আসার জন্য পর্যাপ্ত বাস চেয়েছেন তিনি।

গাজীপুরে করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘গাজীপুরে এই রোগের প্রাদুর্ভাবটা খুব বেশি দেখা দিচ্ছে। আপনাদের চিন্তা করতে হবে ২৪ বা ২৫ তারিখে চালু করা ঠিক হবে কিনা। এটা বুঝে নিয়েই শিল্প খোলার কথা বা সুরক্ষার কথা ভাবতে হবে। তবে বলবো না যে একদম বন্ধ থাকুক সীমিত আকারে সেই পরিমাণ শ্রমিক আসতে হবে। তারা সেভাবে চালু করতে পারবে। মালিকদের সঙ্গে কথা বলে এটা ঠিক করতে হবে।’ আগেরবার হঠাৎ করে শ্রমিক আনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, গতবার হঠাৎ সুপারভাইজারদের দিয়ে শ্রমিকদের নিয়ে আসলো। পরের দিনই বলেছিল চলে যাও। এই আসা-যাওয়ায় শ্রমিকরা যে কষ্টটা পেয়েছে। যোগাযোগের সব বন্ধ, মাইলের পর মাইল হেঁটে হেঁটে এই মেয়েরা পৌঁছাইছে। এভাবে যেন আর তাদের বিড়ম্বনায় না পড়তে হয়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন