
নিউজ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপি সংকটের সময়ে যেসব ব্যাংক বেশি ডিজিটালাইজ, তারাই তাদের গ্রাহকদের বেশি সেবা দিতে পেরেছে। আগামীতে এ ধরনের কোন সংকট মোকাবিলায় ডিজিটাল ব্যাংকিংয়ের বিকল্প নেই। করোনা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে, ভবিষ্যতে বড় করে শাখা খোলার চিন্তা বাদ দিয়ে ছোট বুথ ও এজেন্ট ব্যাংকিংয়ের দিকে নজর দিতে হবে। অন্যথায় ব্যাংকিয়ে টিকে থাকা যাবে না বেসরকারি খাতের প্রাইম ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে রবিবার দুপুরে আয়োজিত ভিডিও প্রেস কনফারেন্সে এসব কথা বলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান, তৌহিদুল আলম খান এবং হাবিবুর রহমান চৌধুরী। এমডির পাশাপাশি তারাও সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এক প্রশ্নের উত্তরে প্রাইম ব্যাংক এমডি বলেন, বৈশ্বিক এ করোনা মহামারিতে আমাদের দেশের ক্ষয়ক্ষতি কী পরিমাণ হবে তার এখনই বলা যাচ্ছে না। এটা যত দীর্ঘস্থায়ী হবে ক্ষয়ক্ষতিও তত বাড়বে। তবে এ ক্ষতি মোকাবিলায় সরকার যে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে তা অর্থনীতি ও ব্যবসার জন্য সহায়ক হবে। তবে এ ফান্ড থেকে মন্দ গ্রাহকরা টাকা পাবেন না। কেন্দ্রীয় ব্যাংকের গাইডলাইনে তা স্পষ্টভাবে উল্লেখ আছে। সুতরাং দুষ্ট লোকদের ধান খেয়ে যাওয়ার কোন সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি।