News71.com
 Bangladesh
 19 Apr 20, 07:31 PM
 205           
 0
 19 Apr 20, 07:31 PM

করোনার ধাক্কায় মার্চে বাংলাদেশের রপ্তানি কমেছে ৫ হাজার কোটি টাকা॥

করোনার ধাক্কায় মার্চে বাংলাদেশের রপ্তানি কমেছে ৫ হাজার কোটি টাকা॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের প্রভাবে গত মার্চে বাংলাদেশের রপ্তানি কমেছে প্রায় ৬১ কোটি মার্কিন ডলারের যা স্থানীয় মুদ্রায় ৫ হাজার কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি এপ্রিলে রপ্তানি পরিস্থিতি আরো বেশি খারাপ। বাংলাদেশের রপ্তানির ৮৪ শতাংশ আসে গার্মেন্টস পণ্য থেকে। করোনার ধাক্কায় ইতিমধ্যে এ খাতের রপ্তানি আদেশ বাতিল ও স্থগিত হয়েছে প্রায় ৩২০ কোটি ডলার বা প্রায় ২৭ হাজার কোটি টাকা। অন্যদিকে আগামী মাসগুলোতে তেমন কোনো রপ্তানি আদেশও নেই। ফলে সার্বিকভাবে কঠিন পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের রপ্তানি। করোনা ভাইরাসে বিশ্বব্যাপী খাবারসহ নিত্যপণ্যের বাইরে বাকি পণ্য ও সেবার ভোগব্যয় কমেছে অস্বাভাবিক হারে। বাংলাদেশের বড় রপ্তানি বাজার ইউরোপ ও আমেরিকায় করোনার ধাক্কায় রীতিমতো লণ্ডভণ্ড অবস্থা। সেখানে কার্যত অবরুদ্ধ পরিস্থিতিতে গার্মেন্টসসহ বেশির ভাগ প্রতিষ্ঠানই বন্ধ হয়ে আছে। ফলে গার্মেন্টস পণ্যনির্ভর বাংলাদেশের রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাবে, সর্বশেষ মার্চ মাসে বাংলাদেশের রপ্তানি কমেছে পূর্বের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৮ দশমিক ২৮ শতাংশ। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, প্রধান রপ্তানি বাজারে ক্রয়াদেশ দেওয়া পণ্যের পাশাপাশি শিপমেন্টের (জাহাজীকরণ) জন্য অপেক্ষায় থাকা পণ্যও নিচ্ছে না ক্রেতারা। আর আগামী মাসগুলোর জন্য নতুন করে ক্রয়াদেশ তো নেই ই। এ পরিস্থিতি কবে নাগাদ ঠিক হবে, তারও কোনো নিশ্চয়তা নেই। ফলে কঠিন সময় পার করতে হচ্ছে রপ্তানিকারকদের। কেননা এর মধ্যে শ্রমিকের বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন