
নিউজ ডেস্কঃ কর্মস্থল থেকে এখনও দলে দলে মানুষ বাড়ি ফিরে আসছেন। গত ১১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ৮ দিনে ফিরে এসেছেন কয়েক হাজার মানুষ। তাদের মধ্যে ৫ হাজার ৮৭৭ জনের তালিকা তৈরি করতে পেরেছেন জেলা পুলিশ। গণপরিবহণ বন্ধ এবং কড়া নজরদারী থাকা সত্বেও ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাসে, ট্রাকে, পিকআপ ভ্যান, নৌকাসহ নানান যানবাহনে চড়ে ফিরে আসছেন তারা।এমনকি রংপুরে নেমে ৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে এসেছেন কেউ কেউ। এদের মধ্যে অনেকে করোনাভাইরাস সংক্রমিত এলাকাগুলো থেকে আসায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কেননা জেলায় এ পর্যন্ত যে দু’জনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে তাদের একজন সাভার থেকে ফেরা ১৭ বছর বয়সী কিশোর এবং একজন নারায়ণগঞ্জ থেকে ফিরে আসা ৩০ বছর বয়সী যুবক।জেলা পুলিশ সূত্র জানিয়েছেন, বাড়ি ফিরে আসা ৫ হাজার ১ জনের তালিকা শনিবার (১৮ এপ্রিল) জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে পাঠিয়েছেন তারা। এই তালিকায় সদর থানার ৮৫৫ জন, উলিপুরের ২৭১ জন, চিলমারীর ৬৫ জন, রৌমারীর ৯৭৮ জন, রাজিবপুরের ৪০ জন, নাগেশ্বরীর ২৪০ জন, ভূরুঙ্গামারীর ৯২২ জন, রাজারহাটের ৭৫৪ জন, ফুলবাড়ীর ২৫৮ জন, কচাকাঁটার ৫৬৯ জন ও ঢুষমারা থানার ৪৯ জনের নাম রয়েছে। এর আগে গত ১১ এপ্রিল ১৪৬ জনের এবং ১৩ এপ্রিল ৭৩০ জনের নামের তালিকা পাঠানো হয়েছে। এছাড়া গত ১৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সময়ে জেলায় বিভিন্ন দেশ থেকে প্রবাসী এসেছেন ৪২৫ জন।