
নিউজ ডেস্কঃ করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পরও মানুষ লকডাউন মানছে না। জরুরি প্রয়োজন ছাড়াই বিভিন্ন অজুহাতে ঘরের বাইরে ঘোরাফেরা করছে অনেকে। আর চাহিদার তুলনায় পরীক্ষা করার কেন্দ্র খুবই কম। পর্যাপ্ত পরীক্ষার সুযোগ না থাকায় করোনার ঝুঁকি বাড়ছে। পরীক্ষা করতে ও ফলাফল পেতে আক্রান্ত রোগীকে অনেক জায়গায় যেতে হচ্ছে। এতে ব্যাপক হারে মানুষ সংক্রমিত হচ্ছে। এ অবস্থায় দ্রুত করোনা শনাক্তের পরীক্ষাকেন্দ্র বাড়ানোর তাগিদ দিয়ে বিশেষজ্ঞ চিকিত্সকেরা বলেন, সারাদেশে ৩৬টি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষা চালু করতে হবে। একই সঙ্গে বেসরকারি যেসব হাসপাতালে পিসিআর মেশিন আছে, সেসব হাসপাতালেও পরীক্ষা দ্রুত চালু করতে হবে। আর হেলথ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে স্যাম্পল সংগ্রহ করে পার্শ্ববর্তী মেডিক্যাল কলেজে পরীক্ষা করতে হবে। পরীক্ষার মাধ্যমে যত বেশি শনাক্ত করা যাবে, তত বেশি পদক্ষেপ গ্রহণ করে এই রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। নইলে করোনায় লাখ লাখ মানুষ মারা যাবে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন।
করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই মুহূর্তে করণীয় ছয়টি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছে। তাতে দেখা যাচ্ছে, বাংলাদেশও এসব বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। তবে কিছু কাজ বাংলাদেশ আগেই শুরু করতে পারত বলে মনে করছেন অনেকে। প্রায় ১৭ কোটি মানুষের এই দেশে রোগ শনাক্তকরণ পরীক্ষা এখনো অনেক বাকি। এই পরীক্ষা হয়েছে প্রায় ১৮ হাজার মানুষের। করোনা নিয়ে ওয়ার্ল্ডোমিটার ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশে করোনায় মৃত্যুহার ইতালির প্রায় কাছাকাছি। এমনকি মৃত্যুতে এগিয়ে থাকা যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্সের তুলনায় বাংলাদেশে প্রাণহানির সংখ্যা বেশি। দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে মৃত্যুহারের দিক দিয়ে বাংলাদেশ সবার ওপরে। অন্যদিকে করোনার পরীক্ষা-নিরীক্ষায় এসব দেশের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, দেশে পরীক্ষার হার কম। মাত্র ১৮টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। একই সঙ্গে করোনা রোগীদের সুচিকিত্সা নিশ্চিত করতে রেসপেটরি মেডিসিন, বক্ষব্যাধী বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, অ্যানেসথেলজিস্ট ও ইপিডিওমোলজিস্ট এই পাঁচ ধরনের বিশেষজ্ঞদের সমন্বয়ে ২৪ ঘণ্টা মনিটরিং টিম গঠন করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিত্সকেরা।