
নিউজ ডেস্কঃ সরকারের কাছে সাংবাদিকদের জন্যে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শনিবার (১৮ এপ্রিল) সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে সংগঠনটির নির্বাহী পরিষদের সভায় অনুষ্ঠিত হয়। সভায় করোনার মহামারীতে অনেক গণমাধ্যমে বেতন-ভাতা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।সভায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, অনেক গণমাধ্যম কর্তৃপক্ষ সাংবাদিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করছে না; স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা এখনও নেয়নি। ডিইউজে নেতারা করোনাভাইরাসে শনাক্ত সাংবাদিকদের চিকিৎসা ব্যয় সংশ্লিষ্ট গণমাধ্যমকে বহনের দাবি জানান।