News71.com
 Bangladesh
 18 Apr 20, 10:40 PM
 170           
 0
 18 Apr 20, 10:40 PM

চট্টগ্রাম বন্দরে ছয় ধরনের পণ্য ডিপোতে স্থানান্তরের অনুমোদন॥

চট্টগ্রাম বন্দরে ছয় ধরনের পণ্য ডিপোতে স্থানান্তরের অনুমোদন॥

নিউজ ডেস্কঃ অবশেষে চট্টগ্রাম বন্দরে আটকে পড়া পণ্যভর্তি কন্টেইনার বন্দরের আশপাশে গড়ে ওঠা বেসরকারি কন্টেইনার ডিপোতে স্থানান্তরের অনুমোদন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বোর্ডের দ্বিতীয় সচিব মেহরাজ উল আলম সম্রাট আজ শনিবার এই অনুমোদন দেন। তবে শুধু নির্ধারিত ছয় ধরনের আমদানি পণ্যের স্থানান্তরের অনুমোদন দেওয়ায় বন্দরের অচলাবস্থা কতটা নিরসন হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়েছিল কন্টেইনার জট সামাল দিতে সাময়িক সময়ের জন্য সব ধরনের আমদানি বেসরকারি কন্টেইনার ডিপোতে স্থানান্তর করতে। ৪৯ হাজার একক কন্টেইনারের মধ্যে অন্তত ১৮ থেকে ২০ হাজার কন্টেইনার সেখানে স্থানান্তর করার জন্য বন্দরের প্রস্তুতিও ছিল কিন্তু মাত্র ছয় ধরনের পণ্যের অনুমোদন দেয়ায় সুফল কতটা মিলবে তা নিয়ে তারাও দ্বিধাগ্রস্ত। এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের কোনো কর্মকর্তা উদ্ধৃত হয়ে মন্তব্য করতে চাননি।

রাজস্ব বোর্ডের আদেশে বলা হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্ট কন্টেইনারজট নিরসনে চট্টগ্রামে অবস্থিত অফডক বা কন্টেইনার ডিপোতে অনুমোদিত ৩৮ ধরনের পণ্যের বাইরে অতিরিক্ত ৬ ধরনের পণ্যভর্তি কন্টেইনার সাময়িকভাবে সংরক্ষণ করা যাবে। অর্থ্যাৎ আগের পণ্যসহ মোট ৪৪ ধরনের আমদানি পণ্য ১৯টি বেসরকারি কন্টেইনার ইয়ার্ডে রাখা যাবে।

নতুন অনুমোদিত ছয় পণ্যের মধ্যে রয়েছে, সকল প্রকার বীজ, সকল ধরনের ফাইবার, ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত ঔষধ প্রশাসনের অনুমোদিত ব্লক লিস্টের পণ্য, উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত সুতা, ইনসেকটিসাইড, ফাংগিসাইড ও হারবিসাইড। উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত টায়ার কর্ড। তবে এই অনুমোদন সাময়িক সময়ের জন্য আগামী ৩০ জুন ২০২০ পর্যন্ত কার্যকর থাকবে।

জানতে চাইলে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক আবদুল্লাহ জহীর বলেন, যে ছয় পণ্য স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে তাতে বর্তমান কন্টেইনার জট কমাতে খুব একটা সুফল মিলবে না। আমরা এখনো হিসাব করিনি কিন্তু পণ্যের তালিকা দেখেই বলছি। তবে বন্দরে থাকা বাণিজ্যিক ও শিল্প কারখানার পণ্য এবং ফলভর্তি কন্টেইনার স্থানান্তরের সুযোগ দিলে বন্দরে কন্টেইনার জটের কিছুটা হলেও সুফল মিলতো। সবাই মিলে আগে বন্দরকে সচল করতে হবে।

এখন ৩৮ ধরনের আমদানি পণ্য চট্টগ্রাম বন্দর থেকে বেসরকারি ১৯টি কন্টেইনার ডিপোতে স্থানান্তর করে ছাড় নিতে পারেন আমদানিকারকরা। এখন ছয় পণ্য যোগ হওয়ায় ৪৪ ধরনের পণ্য ছাড় করতে পারবে কন্টেইনার ডিপোগুলো। জানতে চাইলে কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডা’র সচিব রুহুল আমিন সিকদার বলেন, ১৯টি ডিপো মিলিয়ে আমাদের কাছে এই মুহুর্তে ১৮ হাজার ৭৭৭ একক কন্টেইনার রাখার স্থান খালি আছে। অর্থ্যাৎ সেই পরিমাণ কন্টেইনার আমরা বন্দর থেকে স্থানান্তর করে সেখানে রাখতে পারবো। কিন্তু নতুন ছয় ধরনের পণ্য স্থানান্তরের অনুমোদন দেয়ায় বন্দরের কন্টেইনার জট কমাতে সুফল রাখবে কিনা আমরা সন্দিহান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন