
নিউজ ডেস্কঃ দেশে করোনাভাইরাসের এই উদ্ভূত পরিস্থিতিতে অপরাধ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ ছাড়া কোথাও কোথাও চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। এসব বন্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাইবার অপরাধ, অর্থনৈতিক অপরাধ, প্রযুক্তিনির্ভর অপরাধ বন্ধ করতে হবে, ভুয়া সংবাদ, গুজব বন্ধ করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে কার্যকর থাকা লকডাউন সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে মানুষের চলাচল সীমিত করতে হবে। সরকারি ত্রাণ বিতরণ এবং ওএমএসের চাল বিতরণে যেকোনো অনিয়মরোধে ভূমিকা রাখবে পুলিশ। এ জন্য গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।
আজ শনিবার দুপুরে এক ভিডিও কনফারেন্সে পুলিশের সকল রেঞ্জ, মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটে কর্মকর্তাদের উদ্দেশে এই দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আইজিপি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এ সময় খোলাস্থানে অথবা ফুটপাতে বাজার বসাতে হবে। বাজারে একমুখী চলাচলের ব্যবস্থা করতে হবে, যাতে কমপক্ষে ২০ ফুট দূরত্ব বজায় থাকে। চায়ের দোকানে আড্ডা নিয়ন্ত্রণ করতে হবে।
দুর্নীতিমুক্ত পুলিশ প্রশাসন গড়ে তুলতে হবে জানিয়ে আইজিপি বলেন, কোনো পুলিশ সদস্য অবৈধ আয়ের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। পুলিশের কাজের মূল ভিত্তি হবে টিম স্পিরিট। এককভাবে নয়, পুলিশ সদস্যদেরকে টিমে কাজ করতে হবে। আমরা পুলিশকে প্রযুক্তিনির্ভর, আধুনিক ও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে চাই। মাদকের ভয়াবহতার কথা উল্লেখ করে আইজিপি বলেন, আমরা বাংলাদেশে আর মাদক দেখতে চাই না। আমরা মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।