
নিউজ ডেস্কঃ করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পণ্য রপ্তানি খাত। মার্চে ২৭৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যা ওই মাসের লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ শতাংশ কম। ২০১৯ সালের মার্চের চেয়ে গত মাসে রপ্তানি কমেছে ১৮ দশমিক ২৯ শতাংশ। তার আগে গত অক্টোবরে সর্বোচ্চ রপ্তানি কমেছিল ১৭ দশমিক ১৯ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।
সামগ্রিকভাবে চলতি ২০১৯–২০ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই–মার্চ) ২ হাজার ৮৯৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ২৪ শতাংশ কম। ইপিবির রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, টেরিটাওয়েল, হোমটেক্সটাইলসহ অধিকাংশ পণ্যের রপ্তানি কমেছে। আর পাট ও পাটজাত পণ্য, আসবাব, হস্তশিল্প, বাইসাইকেলের রপ্তানি বেড়েছে।
ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ২ হাজার ৪১০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ১২ শতাংশ কম। গত অর্থবছর ৩ হাজার ৪১৩ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলেছে, করোনার কারণে ১ হাজার ১৪০ কারখানার ৩১৬ কোটি ডলারের পোশাক রপ্তানি ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হয়েছে। এতে পোশাক রপ্তানি ব্যাপকভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ৪০ কোটি ২৬ লাখ ডলারের হিমায়িত খাদ্য রপ্তানি হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৯১ শতাংশ কম। এ ছাড়া আলোচ্য সময়ে ৭৭ কোটি ডলারের পাট ও পাটপণ্য, ৭২ কোটি ১৯ লাখ ডলারের কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ৬৮ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছর ৪ হাজার ৫৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। চলতি অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৫৫০ কোটি ডলার।