News71.com
 Bangladesh
 17 Apr 20, 10:02 PM
 116           
 0
 17 Apr 20, 10:02 PM

শিক্ষক পেটানোর অভিযোগে কুমিলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা॥

শিক্ষক পেটানোর অভিযোগে কুমিলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা॥

নিউজ ডেস্কঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক মাদ্রাসাশিক্ষককে রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করা সেই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যাচেষ্টা সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার। ঘটনার এক সপ্তাহ পর গতকাল বৃহস্পতিবার রাতে দেবিদ্বারের রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন পিটুনীতে আহত শিক্ষক মাওলানা আজিজুর রহমান। মামলাটি থানায় রেকর্ড করার পরই পুলিশের একাধিক টিম ওই চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে।

মামলায় অভিযোগ করা হয়, পারিবারিক কলহের কারণে ৪ সন্তানের মা আমেনা আক্তার গত ৯ এপ্রিল সকালে ওই শিক্ষকের (স্বামী) বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। পরে দুপুরের দিকে স্থানীয় গ্রাম পুলিশ আবদুল মতিন ওই শিক্ষককে বাড়ি থেকে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যান। তিনি চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার সময় তার মেয়ে দশম শ্রেণির ছাত্রী আরিফাতুন নুর এবং চাচাতো ভাই আবদুস ছামাদকে সঙ্গে নিয়ে যান। চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার পর তার কোনো বক্তব্য না শুনেই চেয়ারম্যান লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করেন।

একপর্যায়ে চেয়ারম্যানের পায়ে ধরে ক্ষমা চান ওই শিক্ষক। এমনকি সেখানে উপস্থিত তার মেয়ে চিৎকার করেও তাকে রক্ষা করতে পারেনি। এ সময় ইউপি সদস্য নুরুল ইসলামসহ অন্যান্য লোকজনও চেয়ারম্যানকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। পর দিন আহত ওই শিক্ষককে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল দুপুরের দিকে আহত ওই শিক্ষক কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করে চেয়ারম্যানের নির্যাতনের বর্ণনা দেন। পরে পুলিশ সুপারের নির্দেশে অভিযোগের বিষয়টি তদারকি করতে থানায় আসেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শাখাওয়াত হোসেন। এর কিছুক্ষণ পর মামলাটি নথিভুক্ত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন