
নিউজ ডেস্কঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার ১৭টি ইউনিয়নে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১ হাজার ২০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। শুক্রবার বিকেলে নগরকান্দার কোনাগ্রামে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রত্যেক পরিবারকে ৮ কেজি চাল, ১ কেজি তেল, ১কেজি ডাল ও ২ কেজি আলু দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, উপজেলা কৃষকদলের সভাপতি বিল্লাল হোসেন, ছাত্রদলের সভাপতি সাইফুল আলম প্রমুখ। শহীদুল ইসলাম বাবুল বলেন, পর্যায়ক্রমে নগরকান্দা ও পাশের সালথা উপজেলার পাঁচ হাজার হতদরিদ্র পরিবারের বাড়িতে আমরা খাদ্য সামগ্রী পৌছে দেবো। কেউ যেন কর্মহীন অবস্থায় না খেয়ে কষ্ট না পায় সেজন্যই এ প্রচেষ্টা।