
নিউজ ডেস্কঃ সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি চট্টগ্রামে অসহায় মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। টহলে বের হওয়া সেনাবাহিনীর গাড়ি নগরীতে ঘুরে ঘুরে নিম্নবিত্ত মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছে। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী নগরীর দ্বিতীয় বৃহত্তম কাঁচাবাজারকে প্যারেড ময়দানে সরিয়ে এনেছে পুলিশ।প্রথম পর্যায়ে প্রবাসীদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতে সেনাবাহিনী কাজ করলেও দিন দিন তারা কাজে পরিবর্তন আনছে। টহলে বের হওয়া গাড়িগুলোতে থাকছে ত্রাণের প্যাকেট। সময় এবং সুযোগ অনুযায়ী অসহায় মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সেনা কর্মকর্তারা।সেনাবাহিনী টহল টিম লিডার ক্যাপ্টেন কাফিউন নাহার বলেন, নিম্ন শ্রেণির মানুষেরা খুব অসহায় হয়ে পড়েছে। তাদেরকে ত্রাণ দিয়ে আমরা সহযোগীতা করছি।এদিকে, নগরীর ঐতিহ্যবাহী প্যারেড ময়দানের চিত্র এখন অনেকটাই ভিন্ন। কিছুদিন আগেও ময়দানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু কিশোররা নানা ধরনের খেলায় মগ্ন থাকতো, এখন পুরোটাই কাঁচা বাজার। সামাজিক দূরত্ব নিশ্চিতে চকবাজারকে নিয়ে আসা হয়েছে এখানে।অন্তত ৫শ' ফল এবং সবজি বিক্রেতাকে যেমন এখন থেকে এখানেই ব্যবসা করতে হবে, তেমনি ক্রেতাদের চলাচলও হবে এক মুখী।সিএমপি উপ কমিশনার এস এম মেহেদী হাসান বলেন, সার্বক্ষণিকভাবে দূরত্ব বজায় রাখার জন্য এখানে টহল টিম রয়েছে।