
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণজনিত অর্থনৈতিক সংকট সামলাতে সরকার গার্মেন্টসসহ রপ্তানি খাতের জন্য প্রণোদনা ঘোষণা করেছে। এ অর্থ দিয়ে শ্রমিকদের অর্থ পরিশোধ করার জন্য বলা হয়েছে। অথচ মাসের অর্ধেক শেষ হয়ে গেলেও দেশের দুই হাজারেরও বেশি কারখানার শ্রমিকরা এখন পর্যন্ত বেতন পাননি।শিল্প পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, সাভার-আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নরসিংদী, ময়মনসিংহ ও খুলনায় কারখানার সংখ্যা ৭ হাজার ৬২৯। তার মধ্যে পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা ৩ হাজার ৪০৫। বাকি ৪ হাজার ২২৪টি অন্য কারখানা। তবে শিল্প পুলিশের হিসাবে, ঢাকা মহানগরীর শিল্পকারখানার তথ্য-উপাত্ত নেই।
শিল্প পুলিশের সদর দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার পর্যন্ত ৭ হাজার ৬২৯ কারখানার মধ্যে ৫ হাজার ৬২৫টি শ্রমিকের মজুরি পরিশোধ করেছে। বাকি ২ হাজার ৩৬টি কারখানা বৃহস্পতিবার পর্যন্ত মজুরি দেয়নি। অবশ্য ১৬ এপ্রিলের মধ্যে মজুরি দিতে ব্যর্থ কারখানা–মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। গত সোমবার প্রতিমন্ত্রীর এই বিবৃতির পর বুধবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে মজুরি না দিতে ব্যর্থ কারখানা মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি আগামী অর্থবছর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা হবে না বলে জানিয়েছে।