
নিউজ ডেস্কঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে বিক্রির জন্য মজুদ করা টিসিবির ৭৩ বস্তা চিনি ও ১শ’ ৯৬ বোতল সয়াবিন তেল আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে ইনাতগঞ্জ বাজারের পাশ্ববর্তী সুনামগঞ্জের জগন্নাতপুর থেকে এসব পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় ইনাতগঞ্জ বাজারের অভিযুক্ত ব্যবসায়ী নোমান হোসেনের ভাই আমান হোসেনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জগন্নতপুর থানায় বিশেষ ক্ষমতা আইন (১৯৭৪) এ মামলা দায়ের করা হয়েছে।নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, ইনাতগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান হোসেন এসব পণ্য বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা আজ ইনাতগঞ্জ বাজারে অভিযান চালাই। এ সময় আমরা লেবেলবিহীন ৩ বোতল সয়াবিন উদ্ধার করি। পরে আমরা জানতে পারি পাশ্ববর্তী জগন্নাতপুর উপজেলায় তার বড় গোডাউন রয়েছে। পরে আমরা জগন্নাতপুর উপজেলা প্রশাসনকে জানালে তারা অভিযান করে ৭৩ বস্তা চিনি ও ১শ’ ৯৬ বোতল সয়াবিন তেল উদ্ধার করে। জগন্নাতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, আমরা মূল ব্যবসায়ী নোমান হোসেনের ভাইকে প্রাথমিকভাবে আটক করেছি। এ ব্যাপারে জগন্নতপুর থানায় বিশেষ ক্ষমতা আইন (১৯৭৪) এ মামলা দায়ের করা হয়েছে।