
নিউজ ডেস্কঃ পরিবার পরিজনের কথা না ভেবে জীবনের ঝুঁকি নিয়ে যেসব ডাক্তারগণ করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন তাদের মুক্তিযোদ্ধাদের মতো সম্মান দেখাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবর উদ্যোগে আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় তেজগাঁও এম. এইচ শমরিতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মাঝে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, জীবনের ঝুঁকি নিয়ে যেসব চিকিৎসকগণ করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তাদেরকে মুক্তিযোদ্ধাদের মতো সম্মান দেখাতে হবে। শাসন করে নয়। ডাক্তার নার্সসহ স্বাস্থ্যকর্মী সবার দায়িত্ব সরকারকে নিতে হবে। চলমান পরিস্থিতিতে তাদের থাকার জন্য দেশের সবগুলো ফাইভস্টার হোটেল বরাদ্দ দিতে হবে। তাদের জন্য প্রয়োজনীয় পিপিই সরবরাহ করতে হবে।
দুলু বলেন, আজ খুব কষ্ট লাগে। টেলিভিশন, পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় চাল চুরির খবর। এর সাথে জড়িত আওয়ামী লীগ নেতারা। আবার ঘরে খাবার না থাকায় ক্ষুধার্ত মানুষ খাবারের জন্য মিছিল করছে। পৃথিবীর সব মানুষ করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় হয়ে আল্লাহর নাম নিচ্ছে। সেই সময় আওয়ামী লীগ গরীবের ত্রাণ আত্মসাৎ করছে। আমরা মনে করি এ থেকে বেরিয়ে আসার একটাই পথ আছে তা হচ্ছে ত্রাণ বিতরণে সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হবে।