
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে জুয়াখেলা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শিকদার শাহ সুফিয়ানকে প্রধান আসামি করে হত্যা মামলা ও ১০ পুলিশ আহতের ঘটনায় দায়েরকৃত মামলায় ৬ শতাধিক লোককে আসামি করা হয়েছে।এদিকে, গ্রেফতার এড়াতে বনগ্রাম এখন অনেকটাই পুরুষশূন্য হয়ে পড়েছে। ঐ গ্রামে মোতায়েনকৃত অতিরিক্ত পুলিশ নিয়মিত টহল দিচ্ছেন। দিনের বেলায় শুনসান পরিবেশ, রাত নামলেই বিরাজ করছে এক ভুতুড়ে অবস্থা। গত ১৩ এপ্রিল সদর উপজেলার বনগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আজর ফকির (৫০) নিহত ও ১০ পুলিশ আহতের ঘটনায় গোপালগঞ্জ থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।নিহত আজর ফকিরের ভাই খলিল ফকির বাদী হয়ে করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শিকদার শাহ সুফিয়ানকে প্রধান আসামি করে ৪৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন (মামলা নং-১৬, তাং-১৪.৪.২০২০) এবং বৌলতলী তদন্ত কেন্দ্রের এস.আই সালাহ উদ্দিন বাদী হয়ে বনগ্রামের উভয় পক্ষের ২৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০০/৫০০ জনকে আসামি করে ১০ পুলিশ আহতের ঘটনায় মামলা দায়ের করেছেন (মামলা নং-১৫, তাং-১৩.৪.২০২০)।আর এ দুই মামলায় গ্রেফতার এড়াতে বনগ্রাম পশ্চিমপাড়া, মধ্যপাড়া ও পূর্বপাড়ার নারী-শিশু ও বৃদ্ধ-বৃদ্ধা ব্যতিত প্রায় সকলেই এলাকা ছেড়ে পালিয়ে আত্মীয় বাড়ি ও বিলের মাঝে অবস্থান নিয়েছে।