
নিউজ ডেস্কঃ আজ ১৪ এপ্রিল ভৈরবের গণহত্যা দিবস। মহান মুক্তিযুদ্ধের এ দিনে ভৈরবের শিবপুর ইউনিয়নের ব্রহ্মপুত্রের তীর পানাউল্লাহরচরেট-আলগড়া এলাকায় এক মর্মান্তিক গণহত্যা সংঘটিত হয়। সেদিন হানাদার বাহিনীর নির্বিচার ব্রাশফায়ারে নিরস্ত্র অসহায় পাঁচশতাধিক নারী-পুরুষ, শিশু মৃত্যুবরণ করেন।হানাদার বাহিনীর ভয়ে নিহতদের লাশগুলিও সেদিন দাফন করতে পারেননি এলাকার মানুষ। পরবর্তীতে লাশগুলো ব্রহ্মপুত্র নদের তীরে গণকবর দেয়া হয়। সম্প্রতি সেই বধ্যভূমিতে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে সরকারী উদ্যোগে। ভৈরবে প্রথম হানাদার বাহিনী পা রাখে ১৯৭১ সালের ১৪ এপ্রিল। সেদিন ছিল পহেলা বৈশাখ। ব্যবসা প্রতিষ্ঠানে চলছিল “হালখাতা” উৎসব পালনের প্রস্তুতি। হঠাৎ করে নৌ, রেল ও আকাশ পথে পাকবাহিনী আক্রমণ চালায়। তখন সাধারণ মানুষ প্রাণভয়ে পালাতে থাকে। পাকিস্তানী ছত্রীসেনারা শহরে প্রবেশ করার সময় ব্যাপক হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ করে মানুষকে আতঙ্কিত করে তোলে। হেলিকপ্টার থেকে গ্রামে নামার পর ছত্রীসেনাদল কয়েকভাগে বিভক্ত হয়ে বিভিন্ন রাস্তা দিয়ে শহরে প্রবেশ করার সময় শিবপুর ইউনিয়নের-পানাউল্লাহরচর-আলগড়া নামক একটি খেয়াঘাটে প্রাণভয়ে পলায়নপর নিরস্ত্র-নিরপরাধ পাঁচশতাধিক (মতান্তরে ৭/৮শ) মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যা করে।