
নিউজ ডেস্কঃ বিদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত আরো ১৫ দিন বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করেছে বাংলাদেশ। একই সময় পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত রাখার সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে গত ১২ এপ্রিল, রবিবার ঢাকায় সকল বিদেশি মিশনে তথ্য পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা প্রদান স্থগিত করে বাংলাদেশ। এবার তা আরো বাড়লো। ইতোমধ্যে এ বিষয়ে বাংলাদেশে থাকা সকল কূটনৈতিক মিশন, জাতিসংঘের দপ্তরসমূহ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে নোট ভারবাল পাঠানো হয়েছে।
এই চিঠিতে সরকার জানায়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সকল দেশের যাত্রীদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে বাংলাদেশ। পাশাপাশি বিদেশি নাগরিক যাদের বৈধ ভিসা রয়েছে বা নতুন ভিসার জন্য আবেদন করেছেন, এমন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের জন্য ৭২ ঘণ্টার ভেতরের মেডিকেল সার্টিফিকেট দিতে হবে যাতে ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত নন এবং এ ধরনের কোনো লক্ষণ নেই সে বিষয়টি উল্লেখ থাকতে হবে। বাংলাদেশে প্রবেশ করা মাত্রই বিমানবন্দর বা সমুদ্র বন্দর বা স্থল বন্দরে এই মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। এতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত এমন দেশ থেকে যারা আসবেন বাংলাদেশে প্রবেশের তাদের দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারা হোম কোয়ারেন্টাইনে নাকি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন সে সিদ্ধান্ত বন্দরের কর্তৃপক্ষ নেবে। যারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পর্যবেক্ষণ করবেন।
তবে বাংলাদেশে কূটনৈতিক মিশনগুলোতে কর্মরত কূটনৈতিক, কর্মকর্তা, পাসধারীরা এবং তাদের পরিবার জন্য মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন নেই বলেও এতে জানানো হয়। অবশ্য করোনা উপদ্রুত দেশ থেকে বাংলাদেশ ভ্রমণ করলে দূতাবাসকে ভ্রমণকারীর নিজস্ব ব্যবস্থায় কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া করোনাভাইরাস মুক্ত এমন মেডিকলে সার্টিফিকেট ছাড়া বিদেশি পাসপোর্টধারী বাংলাদেশিদেরও দেশে এসে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর মেডিকেল সার্টিফিকেটসহ বাংলাদেশে প্রবেশ করলে তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদি বাংলাদেশে প্রবেশের সময়ে তার ভিতর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ পাওয়া যায় তবে তাকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। এদিকে বৈধভাবে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ আরো ৩ মাস বাড়ানোর সুযোগও রেখেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।