
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে বিশ্ব লকডাউনে। বাংলাদেশেও চলছে অঘোষিত লকডাউনে। অঘোষিত এই লকডাউনে সর্বক্ষণিক বাইরেই থাকতে হচ্ছে জরুরি সেবায় নিয়োজিত মানুষদের। চিকিৎসক, পুলিশ, নিরাপত্তাবাহিনীর সদস্যরা, জরুরি আর্থিক সেবায় ব্যাংকাররা, অভাবী মানুষদের সাহায্য পৌঁছে দেয়ার জন্য স্বেচ্ছাসেবকরাসহ আরো অনেক সেক্টরের মানুষরাই নিজেদের নিরাপত্তার কথা না ভেবেই কাজ করে যাচ্ছেন। তাদেরই আত্মত্যাগ হৃদয় ছুঁয়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান জাতীয় সংসদ সদস্য (নড়াইল-২) মাশরাফি বিন মর্তুজার।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই কিছু কথা তুলে ধরেছেন তিনি। নিজ বাসার সামনে টহল দিতে দিতে হঠাৎ করেই ক্লান্তি চেপে বসা এক পুলিশ সদস্যের দিকে চোখ পড়ে মাশরাফির। তা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মাশরাফি। পুলিশের ছবি তুলে পোস্ট করেছেন। ফেসবুকে পোস্ট করে মাশরাফি লেখেন, ‘করোনাভাইরাস দেশে আঘাত আনার সাথে সাথে তাদের (পুলিশ) কাজ যেন বেড়ে গেছে অনেক বেশি। দিন রাত এক করে কাজ করে যাচ্ছে। কোন প্রকার অভিযোগ ছাড়া। হ্যাঁ কথা বলছি আমাদের পুলিশ ভাইদের। তারা সত্যই অনেক অক্লান্ত পরিশ্রম করছে, শুধু মাত্র আমাদেরকে করোনা নামক মহামারী থেকে সুরক্ষা রাখতে।’