
নিউজ ডেস্কঃ ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে ১ ইউপি চেয়ারম্যান ও ২ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। রোববার (১২ এপ্রিল) এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এসব প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আফসার এর বিরুদ্ধে করোনা পরিস্থিতি মোকাবেলায় বরাদ্দ ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ হাটহাজারীর উপজেলা নির্বাহী অফিসারের তদন্তে প্রমাণিত হয়েছে।নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মো. শাহিন শাহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিম্নআয়ের শ্রমজীবী মানুষের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল বিতরণ না করে অন্যত্র বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত কর্তৃক গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মো. কবির হোসেন করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় সরকার কর্তৃক প্রদত্ত ত্রাণ বিতরণ না করে আত্মসাৎ এবং গুজব ছড়ানোর মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ প্রমাণিত হয়েছে।