
নিউজ ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের মোট সংখ্যা ৪৮২। এর মধ্যে ৭০ শতাংশ পুরুষ, বাকি ৩০ শতাংশ নারী। আজ ১১ এপ্রিল, শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক (আইইডিসিআর) মীরজাদী সেব্রিনা ফ্লোরা ।এসময় তিনি বলেন, ‘দেশে গত ২৪ ঘন্টায় নতুন ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। এতে করে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮২ জনে দাঁড়িয়েছে। আর এসময় নতুন করে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। এছাড়া নতুন করে সুস্থ্য হয়েছেন আরো ৩ জন। এই নিয়ে সর্বমোট সুস্থ হয়েছেন ৩৬ জন।’
তিনি আরো জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার ১৪ জন এবং নারায়ণগঞ্জের ৮ জন রয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৪৮ জন পুরষ ও ১০ জন মহিলা। তিনি বলেন, ‘দেশে রাজধানীর মিরপুর, বাসাবো ও নারায়ণগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি। মোট শনাক্ত ৪৮২ জনের মধ্যে ২৫১ জনই ঢাকা শহরে বাস করে। আর নারায়ণগঞ্জে ৮৩ জন। আক্রান্তদের মধ্যে ৫২ শতাংশই ঢাকা সিটির। ৮৭ শতাংশ করোনা রোগী ঢাকা বিভাগের। বাকিরা দেশের অন্যান্য জেলা ও বিভাগের। মোট আক্রান্তদের মধ্যে ৭০ শতাংশ পুরুষ, বাকি ৩০ শতাংশ নারী।’