News71.com
 Bangladesh
 11 Apr 20, 12:21 PM
 120           
 0
 11 Apr 20, 12:21 PM

মারা গেলেন যাত্রাপালার মানুষ ভিক্টর দানিয়েল॥

মারা গেলেন যাত্রাপালার মানুষ ভিক্টর দানিয়েল॥

নিউজ ডেস্কঃ ভিক্টর দানিয়েল ছিলেন বাংলাদেশের যাত্রাপালার শাহজাদা সরফরাজ, নবাব সিরাজউদ্দৌলা, ইব্রাহিম লোদী, ইলিয়াস শাহ, সিরাজ সাঁই, দুর্যোধন, সূর্য সেন। ছিলেন দেশের সমকালীন যাত্রাশিল্পের দিকপাল। গতকাল শুক্রবার দুপুরে নিভে গেল তাঁর জীবনপ্রদীপ। মারা গেলেন দেশের অন্যতম যাত্রাশিল্পী ও নির্দেশক ভিক্টর দানিয়েল নাগ। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিক্টর দানিয়েল শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে ভিক্টর দানিয়েল রাজু। তিনি জানান, প্রয়াত শিল্পীকে সমাহিত করার জন্য গ্রামের উদ্দেশে রওনা করেছেন। সীমান্ত জেলা সাতক্ষিরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামে ভিক্টর দানিয়েলের স্ত্রীর সমাধির পাশেই তাঁকে সমাহিত করা হবে।

ভিক্টর দানিয়েল রাজু বলেন, ‘বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বাবা। এর মধ্যে দুই দিন আগে তিনি স্ট্রোক করেন। তখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ডাক্তার চিকিৎসা চালিয়ে যেতে থাকেন। পরে গতকাল দুপুরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।’ ভিক্টর দানিয়েল ১৯৫০ সালের ১৫ জানুয়ারি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা পল দেনদ্রোনাথ নাগ এবং মা কামিনী বালা নাগ। এই যাত্রাব্যক্তিত্বকে হারিয়ে শোক প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পকলা একেডেমি। তাঁর আত্মার শান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। তাঁর মৃত্যুতে উদীচীর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন