
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে ত্রাণের দাবিতে জেলা প্রশাসক ও সদর সদর উপজেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে দুই শতাধিক কর্মহীন অসহায় মানুষ।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান করে বিক্ষোভ করেন ফতুল্লার সস্তাপুর ও সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার এই বাসিন্দারা। তবে জেলা প্রশাসকের কার্যালয় বন্ধ থাকায় তারা দুপুরে সদর উপজেলা অফিসের সামনে গিয়ে অবস্থান নিয়ে ত্রাণের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেন, মানব কল্যাণ পরিষদ নামে একটি মানবাধিকার সংগঠনের নেতা আবদুল মান্নান জেলা প্রশাসকের তহবিল থেকে তিন শতাধিক মানুষের নামে ত্রান সামগ্রী এনে আত্মসাৎ করেছে। ত্রাণের নামে সরকারি তালিকায় নাম লেখানোর কথা বলে তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়েও ত্রাণ দেয়া হয়নি তাদের। সেই ত্রাণ সরবরাহ করা হয়েছে মান্নান নামের ওই ব্যক্তির আত্মীয় স্বজনসহ নিজস্ব লোকজনের মধ্যে। এখন পর্যন্ত সরকারিভাবে কোনো খাদ্য সহায়তা পাননি তারা। সরকারি ছুটি ঘোষণার পর থেকে কাজে যেতে না পারায় তাদের ঘরে খাবার নেই। উপোস থাকতে হচ্ছে। যে কারণে বাধ্য হয়ে সরকারি খাদ্য সাম্রগীর পাবার আশায় রাস্তায় নেমেছেন তারা। সরকারি ত্রান আত্মসাৎকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন দিনমজুর ও খেটে খাওয়া এসব মানুষ।