
নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি। এতে করে তার ফাঁসি কার্যকর আর কোনো বাধা রইলো না। এর আগে ৮ এপ্রিল, বুধবার বিকেলে মাজেদের প্রাণভিক্ষার আবেদন কারা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। এরপর মাজেদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করে দেন বলে জানা যায়। বুধবার রাত ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেন। এদিকে কারা সূত্র জানায়, আগামী সপ্তাহের প্রথম দিকেই মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। তবে এ বিষয়ে কারা অধিদপ্তর ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেও এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে কারাগারের একজন কর্মকর্তা বলেন, ‘যেহেতু আর কোনো বাধা নেই, সেহেতু ফাঁসি কার্যকর সময়ের ব্যাপার মাত্র। ঢাকা জেলা প্রশাসন যখন চাইবে, তখনই ফাঁসি কার্যকর করতে পারবো। বৃহস্পতিবার শবে বরাত হওয়ায় সে দিন ফাঁসি কার্যকর করার কথা নয়। সেক্ষেত্রে আগামী সপ্তাহের যেকোনো সময় ফাঁসি কার্যকর করা হবে।’ এর আগে, বুধবার দুপুরে ঢাকা জজ আদালত মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেন। পরোয়ানার সেই কপি কারাগারে যায়। এরপর প্রাণভিক্ষার জন্য আবেদন করেন বঙ্গবন্ধুর খুনি মাজেদ।