News71.com
 Bangladesh
 09 Apr 20, 12:51 PM
 110           
 0
 09 Apr 20, 12:51 PM

করোনার প্রভাব মোকাবিলায় খরচ হবে জাতীয় বাজেটের থোক বরাদ্দের টাকা॥

করোনার প্রভাব মোকাবিলায় খরচ হবে জাতীয় বাজেটের থোক বরাদ্দের টাকা॥

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় ব্যয় সংকোচনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বাজেটে গাড়ি কেনা, বিদেশ ভ্রমণসহ অপ্রয়োজনীয় ব্যয় কমানো হচ্ছে। কোন কোন খাতে আরও ব্যয় কমানো যেতে পারে, তা চিহ্নিত করা হচ্ছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, থোক বরাদ্দের টাকা অন্য খাতে ব্যয় না করে সেই অর্থ করোনা প্রতিরোধে ব্যয় করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেটে থোক বরাদ্দের অর্থ খরচ করার আগে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। এ ছাড়া প্রকল্পে বরাদ্দের অর্থ ব্যয় না হলে ওই টাকা করোনা প্রতিরোধে খরচ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এর মধ্যে ২৫০ কোটি টাকা দেওয়া হয়েছে। এই টাকা মূল বাজেটে দেওয়া বরাদ্দের বাইরে। করোনার থাবা যেভাবে প্রসারিত হচ্ছে, তাতে এ খাতে আরও অর্থ লাগবে। সেজন্য বাজেটে বিভিন্ন খাতে অপ্রয়োজনীয় ব্যয় হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এতে করে যে পরিমাণ অর্থ বাঁচবে তা করোনা প্রতিরোধসহ বিভিন্ন কর্মকাণ্ডে খরচ করা যাবে।

করোনা-পরবর্তী সময়ে গরিব মানুষের খাদ্য সংকট প্রকট আকার ধারণ করার আশঙ্কা প্রকাশ করে শীর্ষ অর্থনীতিবিদরা বলেছেন, লকডাউনের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। ফলে মানুষের আয়-রোজগার নেই। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে নিম্ন আয়ের মানুষ। কাজ না থাকায় এদের হাতে নগদ টাকা নেই। বর্তমান পরিস্থিতিতে বিশাল এই জনগোষ্ঠীর খাদ্যের অভাব দূর করাই হচ্ছে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবিলা করতে চলতি অর্থবছরের উন্নয়ন বাজেট বা এডিপি আবার সংশোধন করার পরামর্শ দিয়ে তারা বলেন, করোনার কারণে এবার ৬০ শতাংশের বেশি এডিপি বাস্তবায়ন করতে পারবে না সরকার। ফলে এডিপি পুনরায় সংশোধন করে অন্তত ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় করার সুযোগ আছে। ওই টাকা দিয়ে করোনা-পরবর্তী নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দেওয়া যাবে বলে মনে করেন তারা।

পরিকল্পনা বিভাগের সচিব নুরুল আমিন বলেন, করোনা কতদিন দীর্ঘস্থায়ী হয় তা বলা কঠিন। বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দের অর্থ সব ব্যয় হবে না। সরকার যদি মনে করে ওই টাকা করোনা প্রতিরোধে ব্যয় করা হবে, তাতে কোনো সমস্যা নেই। উল্লেখ্য, এর মধ্যে মূল এডিপি সংশোধন করে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে সরকার। এটা আবারও সংশোধন করা ছাড়া কোনো উপায় থাকবে না বলেই অর্থনীতিবিদরা মনে করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন