
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর খুনি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেছে ঢাকার জেলা ও দায়রা জজ হেলাল চৌধুরী। আগামী ২১ থেকে ২৮ দিনের মধ্যে তার ফাঁসি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।তিনি জানান, মৃত্যু পরোয়ানা জারির ২১ থেকে ২৮ দিনের মধ্যে মাজেদের ফাঁসি কার্যকর করবে কারা কর্তৃপক্ষ। আজই এ পরোয়ানা কারাগারে পাঠানো হবে। তিনি বলেন, মৃত্যু পরোয়ানা কারাগারে গেলে তা মাজেদকে পড়ে শোনাবেন কারা কর্তৃপক্ষ। এরপর রাষ্ট্রপতির কাছে তার প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে। তবে সেটা চাইবেন কী না তা আসামির ব্যক্তিগত বিষয়। এর আগে, সোমবার দিবাগত রাতে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত এই আসামিকে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে পেশ করার পর তার মামলার সমস্ত নথি দেখে তাকে কারাগারে পাঠানো হয়।
মৃত্যু দণ্ডপ্রাপ্ত অন্য পাঁচ আসামি এখনো পলাতক। তারা হলেন খন্দকার আবদুর রশিদ, শরীফুল হক ডালিম, এ এম রাশেদ চৌধুরী, এস এইচ এম বি নূর চৌধুরী ও মোসলেম উদ্দিন। এদের মধ্যে লে. কর্নেল (অব.) খন্দকার আব্দুর রশিদ (বরখাস্ত) লিবিয়া ও বেলজিয়ামে অবস্থান করছেন। বেশিরভাগ সময় লিবিয়াতে থেকেই ব্যবসা-বাণিজ্য করছেন। লে. কর্নেল (অব.) শরীফুল হক ডালিম (বরখাস্ত) পাকিস্তানে অবস্থান করছেন বলে জানা গেছে। পাকিস্তান থেকে হংকংয়ে তার যাতায়াত রয়েছে বলে একাধিক সূত্রে প্রকাশ হয়েছে। লে. কর্নেল (অব.) এ এম রাশেদ চৌধুরী (বরখাস্ত) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, লে. কর্নেল (অব.) এন এইচ এমবি নূর চৌধুরী (বরখাস্ত) কানাডায় রয়েছেন। আরো একজন ভারতে কারাগারে আটক বলে অনেকে ধারণা প্রকাশ করেছে যার নাম রিসালদার মোসলেম উদ্দিন।