
নিউজ ডেস্কঃ সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সতর্কতার সঙ্গে এবং কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিতকরণকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজ থেকে সোশ্যাল আইসোলেশন বাস্তবায়নের জন্য আরো সতর্ক এবং স্ট্রিক্ট ওয়েতে পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেবে এবং প্রচার-প্রচারণায় অধিক গুরুত্ব দেবে, যাতে মানুষের মাঝে আরো সচেতনতা বৃদ্ধি পায়।’ তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি ইতোমধ্যেই আগের থেকে কিছুটা অবনতি হয়েছে, সুতরাং জনগণের পরিপূর্ণ সাহায্য ছাড়া এটা কোনভাবেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়।’