
নিউজ ডেস্কঃ মহামারী করোনা ভাইরাস শনাক্তকরণের কিট তৈরির কাঁচামাল চীন থেকে দেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ বিষয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী সময় সংবাদকে বলেন, কাঁচামাল চীন থেকে এসেছে। ব্রিটেন থেকেই আসার কথা ছিলো। সেটাও দু'য়েকদিনের মধ্যে দেশে পৌঁছবে। এই কিট দিয়ে ১৫ মিনিটে করোনা ভাইরাস পরীক্ষার ফল জানা যাবে। উৎপাদনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১১ এপ্রিল সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিএসএমএমইউ, আইইডিসিআর, আইসিডিডিআর’বিসহ যতগুলো জায়গায় করোনা পরীক্ষা হয়, সব জায়গায় কিট দেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে পুরোদমে কিট উৎপাদন শুরু হবে। তিনি আরো বলেন, একই দিন সংবাদ সম্মেলন করেও সবার সামনে কিটগুলো দেখানো হবে। এরপর সরকার অনুমতি দিলে ১৫ তারিখ থেকেই আমরা পুরোদমে কিট সরবরাহ করতে পারবো। উৎপাদনে যাওয়ার আগেই এই কিটের বিশ্বব্যাপী চাহিদা তৈরি হয়েছে বলে জানান ডা. জাফরুল্লাহ। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে চাহিদার কথা জানিয়ে অনুরোধ করেছে।