News71.com
 Bangladesh
 06 Apr 20, 10:06 PM
 69           
 0
 06 Apr 20, 10:06 PM

করোনা মধ্যে মহিলা ফুটবল অধিনায়ক সাবিনার বাড়িতে হামলা॥

করোনা মধ্যে মহিলা ফুটবল অধিনায়ক সাবিনার বাড়িতে হামলা॥

নিউজ ডেস্কঃ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের সাতক্ষীরার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সন্ধ্যার দিকে তুচ্ছ ঘটনার জেরে কয়েকজন প্রতিবেশী ওই হামলা করেন। এতে আহত হয়েছেন সাবিনার বোন সালমা খাতুন। এ ঘটনায় ইমন হোসেন ও লতা খাতুন নামের দুজনকে আটক করেছে পুলিশ। এদিকে আজ সন্ধ্যা ওই দুই আসামি জামিনে মুক্ত হয়েছেন। দেশজুড়ে করোনাভাইরাসের প্রকোপের মাঝে যখন সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি, তখনই এই হামলার ঘটনা ঘটল। সাতক্ষীরা সদর থানা সূত্রে জানা গেছে, শহরের জজকোর্ট সংলগ্ন সবুজবাগ এলাকায় জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাবিনা খাতুনের বাড়িতে তুচ্ছ ঘটনায় এ হামলার ঘটনা ঘটে। প্রতিবেশী ইমনের নেতৃত্বে অন্যরা হামলা চালায়। এতে সাবিনা ও তার বোন সালমা আহত হলে সাতক্ষীরা সদর হাসপাতালে তাদের ভর্তি করা হয়। এ ঘটনায় ৩ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।

এদিকে অধিনায়কের বাড়িতে হামলার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে বাফুফে। জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছেন, ঘটনা শুনেই তারা সাবিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ বলেছেন, ঘটনার পরপরই সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) শেখ নাসিরুল হক সেখানে গিয়ে সব ব্যবস্থা নিয়েছেন। স্থানীয় পুলিশও গুরুত্বসহকারে বিষয়টি দেখছে। আসামিরা জামিনে মুক্ত হলেও যাতে সাবিনার পরিবারের কোনো ক্ষতি না করতে পারে সেদিকে নজর রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন