
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এরই অংশ হিসেবে রবিবার (৫ এপ্রিল) তার সংসদীয় আসনের ৩ টি ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ৬০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। সংসদ সদস্যের পক্ষ থেকে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। সকাল থেকে পর্যায়ক্রমে ফতেপুর, উপশহর ও দেয়াড়া ইউনিয়নে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রতিটি ইউনিয়নে ২০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এর আগে শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে যশোর সদর উপজেলার চারটি ইউনিয়নে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা ইউনিয়নগুলোতে গিয়ে দরিদ্রদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। করোনা পরিস্থিতির কারণে কাজ বন্ধ হয়ে সংকটে পড়া পরিবারগুলো এই সহায়তা পেয়েছে। শনিবার সকাল থেকে পর্যায়ক্রমে যশোর সদরের কাশিমপুর ইউনিয়ন পরিষদ, হৈবতপুর, চুড়ামনকাটি এবং শেষে আরবপুর ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ৮০০ প্যাকেট খাদ্য সহায়তা দেওয়া হয়।