
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য মো: সিরাজুল ইসলাম মারা গেছেন। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায় মো: সিরাজুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মৃত্যুবরণ করেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মৌলভীবাজার-১ আসনে দুইবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন।
এক শোকবার্তায় তিনি বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে দেশমাতৃকার মুক্তিসংগ্রামে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে জাতি একজন গর্বিত সূর্যসন্তানকে হারালো। মন্ত্রী মরহুমের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মো: সিরাজুল ইসলাম বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। তার স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।