
নিউজ ডেস্কঃ শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) একজন সদস্যের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে তার সংস্পর্শে আসা কক্সবাজারের টেকনাফের সাতটি বসতবাড়ি, সাতটি দোকান ও একটি ল্যাবসহ ১৫টি বাড়ি লকডাউন ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন।শুক্রবার (৪ মার্চ) রাতে টেকনাফ উপজেলা পৌরসভার পুরাতন পল্লানপাড়া এলাকার ছয়টি বাড়ি, সাতটি দোকান, একটি ল্যাব ও শাহপরীর দ্বীপে একটি বসতবাড়িসহ ১৫টিা বাড়ি লকডাউন করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।তিনি বলেন, ঢাকায় করোনা শনাক্ত র্যাব সদস্যের শ্বশুরবাড়ি টেকনাফে। গত ২০ থেকে ২৬ মার্চ পর্যন্ত তিনি টেকনাফে অবস্থান করছিলেন। ঢাকায় ফিরে তার করোনা শনাক্ত হয়। ফলে তার সংস্পর্শে আসা ১৫টি বাড়ি ও দোকান লকডাউন ঘোষণা করা হয়েছে।
আক্রান্ত ব্যাব সদস্যের শ্বশুরবাড়ি সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বেড়াতে আসেন মেয়ের জামাতা। তিনি পুলিশের সদস্য হলেও বর্তমানে তার পদায়ন হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) এ। গত ২৬ মার্চ তিনি টেকনাফ থেকে ঢাকায় চলে যান। সেখানেই তিনি সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হয়। এরপর তাকে পরীক্ষা করানো হয় শুক্রবার তার রিপোর্ট কোভিড-১৯ পজেটিভ আসে। এরপর তাকে আইসোলেশনে নেয়া হয়েছে। বিষয়টি জানার পর শুক্রবার রাতেই টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা চিকিৎসক প্রণয় রুদ্র ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু হারেসের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে এসব বসতবাড়ি ও দোকান লকডাউন করে দেন।