
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বাংলাদেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ না করলেও আমরা শঙ্কিত।শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে করোনা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। হানিফ বলেন, করোনা ভাইরাস রোধ করার প্রথম কাজ হচ্ছে ঘরে থাকা, অন্যর সংস্পর্শ থেকে মুক্ত থাকা। করোনা ভাইরাসের বৈশিষ্ট্য হলো এক দেহ থেকে আরেক দেহে সংক্রমিত করা। সেই সামাজিক দূরত্ব সৃষ্টি এবং এই দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। যাতে আমরা রক্ষা পেতে পারি।তিনি আরো বলেন, করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্বের মানুষ আতংকিত। কারণ ইতোমধ্যে এই ভাইরাসে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং পঞ্চাশ হাজারের অধিক মানুষ মারা গেছেন। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারী আকারে না আসলেও আমরা কিন্তু শঙ্কিত আছি।এসময় তিনি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।