
নিউজ ডেস্কঃ একশ্রেণির মতলববাজ মহল গুজব সৃষ্টি ও অপপ্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরির পাঁয়তারায় লিপ্ত রয়েছে জানিয়ে এদের ব্যাপারে সতর্ক থাকতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা সবাইকে মেনে চলার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (০৩ এপ্রিল) নিজের সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, আজ সংকটের কারণে সারাবিশ্ব এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। জাতিসংঘের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ভয়াবহ সংকট আর কখনও সৃষ্টি হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দ্য ক্রাইসিস ইস ফর ফ্রম ওভার। কবে যে সংকটের শেষ হবে, তা এখনও পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারছে না। এক অনিশ্চয়তার মধ্য দিয়ে সারাবিশ্ব চলছে। ভয়ঙ্কর পরিস্থিতি। দেশে দেশে সংকট আরও ঘনীভূত করছে। বাংলাদেশে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছি অত্যন্ত ধৈর্য ও সাহসিকতার সঙ্গে।
তিনি আরও বলেন, বাংলাদেশে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োচিত যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছেন নিষ্ঠার সঙ্গে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রশাসন, সেনাবাহিনী, আমাদের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও দেশের বিভিন্ন শ্রেণির মানুষ সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসছেন। চিকিৎসক-নার্সসহ আমাদের স্বাস্থ্যকর্মীরা নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন। দায়িত্ব পালনে কেউ কোনো অবহেলা করছেন না। মন্ত্রী বলেন, একটি বিষয় না বললেই নয়, এই সংকট সন্ধিক্ষণেও একশ্রেণির মতলববাজ মহল গুজব সৃষ্টির মাধ্যমে চরিত্রহনন, ফেসবুকে অপপ্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরি করার অশুভ পাঁয়তারায় লিপ্ত রয়েছে। এদের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। জনগণকে সতর্ক থাকতে হবে। পার্টির নেতাকর্মীকে সচেতন ও তার কর্মসূচিতে অংশ নিতে হবে। যাতে জনগণ অপপ্রচারে বিভ্রান্ত না হয় সে ব্যাপারে আমাদের নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে।