
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের কারণের সৃষ্ট সংকট মোকাবিলায় নাটোরে অসহায় মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন। এ লক্ষ্যে ‘দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল’ গঠন করা হয়েছে। একইসঙ্গে সদর উপজেলার সোনালী ব্যাংক ফুলবাগান শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়েছে। এ তহবিল গঠন সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে এতথ্য নিশ্চিত করেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) মো. শাহরিয়াজ। তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধে জনগণের ঘরে থাকার নির্দেশনা থাকায় কর্মহীন নিম্ন আয়ের ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ অসহায় হয়ে পড়েছেন।
তাদের কথা বিবেচনা করে খাদ্য ও আনুষঙ্গিক সহায়তায় সরকারের পাশাপাশি ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এবং ‘দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল’ গঠন করা হয়। তিনি আরও বলেন, কর্মহীনদের সহায়তায় গঠিত এ তহবিলটি ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২’- এর ৩২ নম্বর অনুচ্ছেদের আলোকে গঠিত হয়েছে। যার নাম ‘দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল, সঞ্চয়ী হিসাব নং: ৪৯১১৪০২০০০৭৫৪। এ হিসাবে প্রদত্ত অর্থ নগদ এবং সরাসরি পণ্যসামগ্রী জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ শাখার কর্মকর্তা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দীনের কাছে জমা দেওয়া যাবে। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে ০১৭১৭-০০২৯৮৪ এবং ০৭৭১- ৬৬৭২১ (জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা) নম্বরে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।