
নিউজ ডেস্কঃ করোনায় দুস্থ মানুষকে সহায়তা করতে হটলাইন চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। তাই তাদের আয় বন্ধ। যার কারণে বিভিন্ন সংস্থা থেকে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে অনেকে লোকলজ্জায় লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী নিতে চান না। তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।
হটলাইনে দেওয়া নির্ধারিত নাম্বারে ফোন করলেই সময়মতো বাসায় খাদ্য পৌঁছে দেবে ডিএসসিসির কর্মীরা। ডিএসসিসি এলাকার অসহায় কেউ খাদ্যসামগ্রীর সহায়তা পেতে চাইলে ০১৭০৯৯০০৭০৩ ও ০১৭০৯৯০০৭০৪ এই দুটি নাম্বারে যোগাযোগের জন্য আহ্বান করেছে সংস্থাটি। সহায়তা প্রত্যাশী কলদাতাদের তথ্য নিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে বাসায়।
হটলাইন সেল পরিচালনাকারী ও ডিএসসিসির সিস্টেম অ্যানালিস্ট আবু তৈয়ব রোকন বলেন, ‘মেয়র স্যারের নির্দেশে হটলাইন সার্ভিস চালু করা হয়েছে। আমরা ইতিমধ্যে এই পদ্ধতিতে ৩৬৯ জনকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।’এ বিষয়ে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, ‘মানবিক কারণে আমরা মানুষের পাশে খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়াতে উদ্যোগ নিয়েছি। এরই অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর ও আঞ্চলিক কর্মকর্তাদের সমন্বয়ে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু এর মধ্যেও যদি কেউ সহায়তা থেকে বাদ পড়েন, লোকলজ্জায় তালিকায় নাম না লেখান কিন্তু তার সহায়তা প্রয়োজন এমন ব্যক্তিদের কথা ভেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’