
নিউজ ডেস্কঃ দেশের সব জিপিও, প্রধান ডাকঘরসমূহ জরুরি প্রয়োজনে আগামী রোববার থেকে সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। এ সময় এ সব ডাকঘর থেকে বিশেষ ব্যবস্থায় ডাকঘর সঞ্চয় ব্যাংকের লেনদেনের পাশাপাশি সীমিত আকারে ই-কমার্স, মোবাইল মানি অর্ডার এবং পার্সেল সেবা প্রদানের জন্য কাউন্টার খোলা থাকবে।দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার ঘোষিত ছুটিকালে জনস্বার্থে ডাকসেবা অব্যাহত রাখার লক্ষ্যে বৃহস্পতিবার (২ এপ্রিল) জনস্বার্থে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ নিদের্শনা দেন।এক্ষেত্রে সংশ্লিষ্ট পোস্টমাস্টার জেনারেল বা ডেপুটি পোস্টমাস্টার জেনারেলরা স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়।জেলাপর্যায়ে জরুরি ডাক পরিবহন সেবা প্রদানের জন্য বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে ডাক বিভাগের নিজস্ব মেইল গাড়ি শুধু দিবাভাগে চলাচল করবে, উপজেলা পর্যায়ে মেইল চলাচলের ক্ষেত্রে স্থানীয় পোস্টমাস্টার জেনারেল/ডেপুটি পোস্টমাস্টার জেনারেল স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।