News71.com
 Bangladesh
 02 Apr 20, 07:38 PM
 84           
 0
 02 Apr 20, 07:38 PM

দেশের ১ লাখ পরিবারকে নগদ ১৫ কোটি টাকা সহায়তা দিচ্ছে ব্র্যাক॥

দেশের ১ লাখ পরিবারকে নগদ ১৫ কোটি টাকা সহায়তা দিচ্ছে ব্র্যাক॥

নিউজ ডেস্কঃ সামাজিক দূরত্ব এবং লকডাউনের মতো পদক্ষেপ গ্রহণের কারণে জীবিকার ঝুঁকিতে পড়া দরিদ্র পরিবারগুলোর জন্য খাবার কেনার সহায়তা দিতে ১৫ কোটি টাকা বরাদ্দ করেছে ব্র্যাক। মহানগর ও নগর এলাকার বস্তি, উপশহর এলাকা এবং দুর্গম অঞ্চলের পরিবারগুলোর জন্য এ সহায়তা প্রদান করা হচ্ছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে দরিদ্র পরিবারগুলোকে নগদ ১৫০০ টাকা করে এ অর্থ সহায়তা দেয়া শুরু হয়েছে।প্রথম পর্যায়ে ১ লাখ পরিবারকে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হচ্ছে। ব্র্যাকের চারটি উন্নয়ন কর্মসূচি, যথা আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আলট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম, সমন্বিত উন্নয়ন কর্মসূচি এবং হিউম্যানিটারিয়ান প্রোগ্রামের মাধ্যমে এই সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, কোভিড-১৯ এমন এক মানবিক সঙ্কট যার একটি গুরুতর স্বাস্থ্যগত তাৎপর্য রয়েছে। বাংলাদেশের মতো দেশগুলোর অর্থনীতিতে এ সঙ্কটের মারাত্মক প্রভাবও বিদ্যমান। বিশ্ব ব্যাংকের উপাত্ত অনুযায়ী বাংলাদেশের মাত্র ১৫ শতাংশ মানুষ দিনে ৫০০ টাকার বেশি উপার্জন করেন। অধিকাংশ গ্রামের মানুষ শহর ও বিদেশ থেকে স্বজনদের পাঠানো অর্থের ওপর নির্ভর করেন। এটা একটি বৈশ্বিক সঙ্কট হওয়ার ফলে সারা পৃথিবীতে মানুষ কাজ হারাচ্ছে। এর ফলে আয় বন্ধ হয়ে গেছে। তিনি আরও বলেন, আমাদের জরুরি সহায়তার লক্ষ্য সেই সব নিম্ম আয়ের পরিবার যারা করোনাভাইরাসের প্রকোপে আয়ের উৎস হারিয়েছেন। আমরা ১ লাখ পরিবারকে সহায়তা দিচ্ছি যদিও প্রয়োজন আরও অনেক বেশি পরিবারের। আমি তাই সহানুভূতিশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারাও এগিয়ে আসেন। তাদের সাহায্যে আমরা আরও অনেক বিপন্ন পরিবারের কাছে পৌঁছাতে পারব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন