
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বের সকল ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষ আজ এক দুঃসহ সংকট মোকাবেলা করছে। বাংলাদেশে এই মহামারির ব্যাপকতা ক্রমেই বাড়ছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও জনজীবন বিপর্যস্ত ও স্থবির হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান। তিনি জনগণকে স্বাস্থ্য সচেতন করা, রোগ প্রতিরোধে সক্ষম হতে সাহায্য করা এবং দরিদ্র জনগণকে খাদ্য, চিকিৎসা সহায়তা প্রদানের আহ্বান জানিয়ে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং দেশের স্বাস্থ্য বিভাগের পরামর্শ মানতে হবে।
এই দুঃসময়ে দেশের সকল রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার সংগঠন অর্থাৎ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে দুর্যোগ মোকাবেলা করার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম বলেন, করোনার প্রভাব ও বিস্তৃতি সম্পর্কে প্রকৃত তথ্য প্রকাশে এবং এই মহা দুর্যোগ মোকাবেলায় সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের বক্তব্য ও বাস্তবতার পার্থক্যে জনগণ ক্ষুদ্ধ এবং এই মহামারি প্রতিরোধে যথাসময়ে যথাযোগ্য প্রস্তুতি গ্রহণে সরকারী উদ্যোগের অভাবে বিপন্ন।