
নিউজ ডেস্কঃ এখন অনেকেই গলাব্যথা, সর্দি, কাশি কিংবা জ্বরে আক্রান্ত হচ্ছেন। বিগত বছরের মার্চের মাসের তুলনায় এ বছরের মার্চে এসব রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে ১৪ গুণ। করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণের সঙ্গে এই লক্ষণের মিল আছে। এ কারণে এই ধরনের লক্ষণ দেখা দিলে অনেকেই ভয় পাচ্ছেন তিনি হয়তো করোনায় আক্রান্ত। কিন্তু খুব সহজেই যেকেউ চাইলেই পরীক্ষা করতে পারবেন না।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন এমন সন্দেহভাজন ব্যক্তিদের পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বুধবার থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। সেখানকার চিকিৎসকেরা রোগীর সঙ্গে কথা বলবেন এবং লক্ষণ বিচার করবেন। চিকিৎসকের যদি সন্দেহ হয় ব্যক্তি করোনায় আক্রান্ত, তাহলেই কেবল তাঁকে পরীক্ষা করবেন। রোগীর নমুনা সংগ্রহের পর চার ঘণ্টার মধ্যে ফলাফল জানানো হবে। অর্থাৎ দিনে দিনেই ব্যক্তি জানতে পারবেন, তিনি করোনায় আক্রান্ত কি না।আজ সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এখানে রোগীদের পরীক্ষা করা হবে। রোগীরা বিনামূল্যে পরীক্ষা করাতে পারবেন।