
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি করোনায় স্বাস্থ্যবিধি সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেক সংসদ সদস্যকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। চিফ হুইপের ব্যক্তিগত কর্মকর্তা আশরাফুল আলম বিপ্লব আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে মাদারীপুরের শিবচরের সাংবাদিকদের ই-মেইলের মাধ্যমে এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
ওই বার্তায় চিফ হুইপ বলেন, উন্নত দেশগুলোতে যেভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, তাতে সেই দেশগুলো এ ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে। ঐ সকল অনেক দেশের চেয়ে গরিব দেশ বাংলাদেশ। সঙ্গত কারণে করোনা ভাইরাস ব্যাপক হারে বাংলাদেশে ছড়িয়ে পড়লে ভয়াবহ রূপ নিতে পারে। তাই করোনা ভাইরাস গণহারে ছড়ানোর পূর্বেই সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
নূর-ই-আলম চৌধুরী বলেন, ইতিমধ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে জাতির উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সময়োপযোগী বক্তব্যে জনগণ বেশ সচেতন হয়েছেন। এক্ষেত্রে প্রত্যেক সংসদ সদস্য জনগণের পাশে থেকে করোনা সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তিনি উল্লেখ করেন।