News71.com
 Bangladesh
 31 Mar 20, 12:59 PM
 120           
 0
 31 Mar 20, 12:59 PM

করোনার ভয়ে রাজধানি কার্যত জনশূন্য॥ দশদিনেই ঢাকার বায়ুর অনেক উন্নতি

করোনার ভয়ে রাজধানি কার্যত জনশূন্য॥ দশদিনেই ঢাকার বায়ুর অনেক উন্নতি

নিউজ ডেস্কঃ করোনার ভয়ে রাজধানি কার্যত জনশূন্য হয়ে পড়েছে । জাতীয় টেলিফোন মনিটিরিং সংস্থা এনটিমসি’র হিসাব মতে প্রায় সোয়া এক কোটি গ্রাহক ঢাকা ছেড়েছেন। সেই সাথে শিশু,বয়স্ক ও নারীসহ বেশ কয়েকলক্ষ মোবাইল ব্যবহার করেন না এমন লোকও রয়েছে। আর এতে দশদিনেই ঢাকার বায়ুর অনেক উন্নতি হয়েছে। মাত্র দশদিন আগেই রাজধানী ঢাকা ছিল বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর নগর। সেই ঢাকাই এখন দূষিত বায়ুর শহরের তালিকায় ২৩ নম্বরে নেমে এসেছে। করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণার কারণেই রাজধানীর বায়ুর মানের এমন উন্নতি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনা আতঙ্কে যান চলাচল ও নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। এছাড়া বেশির ভাগ শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণেই ঢাকার বাতাসের দূষণ অনেক কমে গেছে।

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্সে গতকাল ৩০ মার্চ, সোমবার বেলা ৩টায় দূষণের দিক থেকে বিশ্বে ঢাকার অবস্থান ছিল ২৯ নম্বরে। বিকালের দিকে শহরে যানবাহনের চলাচল সামান্য বৃদ্ধি পায়। ফলে বিকাল ৫টায় ইনডেক্সে ঢাকার অবস্থান ২৫ নম্বরে আসে। আর সন্ধ্যা ৭টার দিকে তা ২৩ নম্বরে অবস্থান নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক ও বায়ুদূষণ গবেষক ড. আবদুস সালাম এ প্রসঙ্গে বলেন, ‘সাধারণ ছুটি থাকায় শিল্পকারখানা, নির্মাণ কাজ ও যানবাহন কম চলায় বাতাসের এমন উন্নতি।’ ঢাকার বাতাসের দূষণের প্রধান চারটি কারণ জানান এ গবেষক। তার মতে এগুলো হচ্ছে যানবাহন, বিভিন্ন ধরনের নির্মাণ কাজ, শিল্পপ্রতিষ্ঠান এবং ইটভাটা।

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় ঢাকার সাধারণ জীবনযাত্রা বদলে গেছে। একরকম থমকে গেছে সদাব্যস্ত এ নগরী। এরই ইতিবাচক প্রভাব পড়েছে বায়ুর মানে। ছুটি শেষে ঢাকা যদি ফের পুরনো ব্যস্ত রূপে ফিরে যায়, তখন হয়তো বৈশ্বিক হিসাবে এ শহরের বায়ুর মান আগের অবস্থায়ই ফিরে যাবে। তবে বিদ্যমান আইন ও বিধিবিধান প্রয়োগের পাশাপাশি নাগরিকরা সচেতন ও আন্তরিক হলে অপেক্ষাকৃত মানসম্মত বায়ু নগরবাসীর পক্ষে পাওয়া সম্ভব বলে মনে করেন পরিবেশবিজ্ঞানী ও গবেষকরা। তাদের মতে, বায়ুদূষণের অন্যতম উৎস হলো ধুলোবালি। এছাড়াও আছে অপরিকল্পিত-অনিয়ন্ত্রিত নির্মাণ কাজ। মেয়াদোত্তীর্ণ মোটরযান ও শিল্পকারখানা থেকে নির্গত বিষাক্ত ভারী ধাতু ধুলার সঙ্গে যুক্ত হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন