
নিউজ ডেস্কঃ বরিশাল নদী বন্দরের ছিন্নমূল পথশিশু ও শ্রমিকদের রাতের খাবারের ব্যবস্থা করেছে বরিশালের সাংবাদিকরা। সোমবার (৩০ মার্চ) রাত ৯ টায় নদী বন্দরের টার্মিনাল ভবনের নিচতলায় এ খাবার বিতরণ করা হয়। দুই শতাধিক ছিন্নমূল পথশিশু ও শ্রমিক এ খাবার নিয়েছেন। বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল টেলিভিশন মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলসহ বিভিন্ন সাংবাদিকদের সংগঠন গত ৬ দিন যাবত নদী বন্দরের ভাসমান ছিন্নমূল পথশিশু ও শ্রমিকদের জন্য রাতের খাবারের আয়োজন করছে। নিজস্ব অর্থায়নে এই কার্যক্রম চালানো হচ্ছে। যতদিন সম্ভব হবে ততদিন খাবার দেয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি। সোমবার খাবার বিতরণকালে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান উপস্থিত ছিলেন।